প্রত্যেক স্কুলের শিক্ষার্থীরা যাতে খেলাধূলার প্রতি বেশি মনোনিবেশ করতে পারে সে সেজন্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে নজর দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকার্প এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকার্প প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি উপজেলার একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে। যাতে প্রত্যেকটি শিশু সুন্দরভাবে তাদের খেলাধূলা চালিয়ে যেতে পারে।

তিনি আরো বলেন, আমি এই শিশুদের খেলা দেখে মুগ্ধ হয়েছি। তাদের খেলা দেখে মনে হয়েছে তারা বড় খেলোয়ারদেরও হার মানিয়েছে।

ভাষা আন্দোলনের মাসে শহীদের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস। ১৯৪৮ সালে আমাদের ভাষা আন্দোলন শুরু হয়। যার ধারাবাহিকতায় ২১শে ফেব্রুয়ারি শহীদ হন রফিক, শফিক, জব্বাব, সামাল ও বরকত।